হরমুজ প্রণালি এলাকায় ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটি এই ঘটনাকে সশস্ত্র জলদস্যুতা আখ্যা দিয়ে দ্রুত পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
আজ (২০ এপ্রিল) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন বাহিনীর এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, এই ঘটনার প্রতিক্রিয়া শিগগিরই জানানো হবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সম্ভাব্য আলোচনা এগিয়ে নিতে তার প্রতিনিধিদল ইসলামাবাদ যাচ্ছে। তবে ইরানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় অংশ নেবে না।
অন্যদিকে, লেবাননে ইসরায়েল-এর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। যুদ্ধবিরতির সুযোগে দক্ষিণাঞ্চলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখতে হাজারো মানুষ নিজ এলাকায় ফিরছেন।
সার্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হলে এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে পড়তে পারে।








