ফ্র্যাঞ্চাইজি আসরের জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব খেলার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হল। ২২ মার্চ থেকে শুরু হতে চলা দুইমাস ব্যাপী আয়োজনের উদ্বোধন ও ফাইনাল হবে কলকাতায়। ২২ মার্চ ইডেন গার্ডেনসে উন্বোধনে কলকাতার প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আপনাদের ক্যালেন্ডারের তারিখগুলো চিহ্নিত করে রাখুন। খেলা শুরু হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে।
২২ মার্চ উদ্বোধনের পর ফাইনাল হবে ২৫মে। এবারের আইপিএল আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ৭৪টি এবং খেলা হবে ভারতের বিভিন্ন রাজ্যের ১৩টি স্টেডিয়ামে। গ্রুপপর্বের পর ২০মে শুরু হবে নকআউট পর্ব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুদলের মধ্যে প্রথম কোয়ালিফায়ার খেলা হবে ওই দিন।
পরেরদিন এলিমিনেটর হবে টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানের দলের মধ্যে। এ দুটি ম্যাচ হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার খেলা হবে ইডেনে, ২৩মে। ইডেন গার্ডেনসে ২৫মে হবে ফাইনাল।
এবারের আইপিএলে বাংলাদেশের বেশকিছু ক্রিকেটারের নাম নিলামে ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কেউ তাদের প্রতি আগ্রহ দেখায়নি। তালিকায় ছিলেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানের মতো তারকারাও।







