আইপিএলের চলতি আসরে ধারাবাহিকতা বজায় রেখেছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের দৌড়ে এগিয়েই ছিল পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। নিজেদের ১৩তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আরেক পা অগ্রসর হল ঋতুরাজ গায়কোয়াডের দল।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রাজস্থানকে ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই। টসে জিতে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় রাজস্থান। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে চেন্নাই।
এ নিয়ে ১৩ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এসেছে চেন্নাই। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান।
চেন্নাইয়ের ঘরের মাঠে রাজস্থানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রিয়ান পরাগ। এক চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। ১৮ বলে ২৮ রান করেছেন ধ্রুব জুরেল। এছাড়া যশ্বী জয়সওয়াল ২১ বলে ২৪ এবং জশ বাটলার ২৫ বলে ২১ রানের ইনিংস খেলেছেন।
স্বাগতিকদের হয়ে সিমারজিৎ সিংহ তিনটি এবং তুষার দেশপান্ডে দুটি উইকেট নেন।
জবাবে নেমে ৪১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ঋতুরাজ। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও একটি চারের মার। এছাড়া রাচিন রবীন্দ্র ১৮ বলে ২৭, ড্যারিল মিচেল ১৩ বলে ২২ এবং শিভাম ডুবে ১১ বলে ১৮ রান করেন। শেষের দিকে সামীর রিজভী ৮ বলে ১৫ রানের ইনিংস খেলেন।
সফরকারীদের হয়ে রবিচন্দ্রন অশ্বিন দুটি এবং নান্দ্রে বার্গার ও যুযবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন।







