অলিম্পিক কমিটি এখন কিছু দেশের কথায় ‘ওঠাবসা’ করা সংস্থা
রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

রাশিয়ার পতাকা হাতে একজন ব্যক্তি অলিম্পিকের প্রতীক পাশে দাঁড়িয়ে, আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্যারিস অলিম্পিক শুরুর একবছর আগে অংশগ্রহণ করতে চলা দেশগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ বুধবার সবাইকে আমন্ত্রণপত্র পাঠালেও ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়া ও বেলারুশকে পাঠাননি।
ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো বলেছেন, ‘আইওসি অনানুষ্ঠানিকভাবে কয়েকটি দেশের একচেটিয়া আধিপত্য বিস্তারের সংস্থায় পরিণত হয়েছে।’
আইওসি সভাপতি বাখ আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি সবাইকে একত্রিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। কিংবদন্তি সঙ্গীতশিল্পী জন লেননের স্মৃতি স্মরণ করে তার গাওয়া বিখ্যাত ইমাজিন গানটির কয়েকটি বাক্য উল্লেখ করেছেন।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অলিম্পিক গেমসের মতো সমপর্যায়ের বিকল্প ক্রীড়া ইভেন্ট আয়োজনের দক্ষতা তার দেশের রয়েছে বলেও হুমকি দিয়েছেন। সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘আন্তর্জাতিক খেলাধুলা থেকে রাশিয়া বিচ্ছিন্ন হবে না। কারণ খুব শিগগিরই আমাদের রাষ্ট্র এসসিও, ব্রিকস এবং সিআইএস-এর সদস্যভুক্ত দেশগুলোকে নিয়ে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া উৎসবের আয়োজন করবে।’
‘২০২৪ সালে প্রথমবারের মতো ফ্রেন্ডশিপ গেমস এবং ব্রিকস গেমস হবে। আমরা নিশ্চিত যে, আলোচনার মাধ্যমে আমরা বিশ্ব ক্রীড়া কর্মকাণ্ডের জন্য একটি উপযুক্ত সাড়া ফেলতে সক্ষম হবো।’
গত ২৮ মার্চ আইওসি জানায়, রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা শুধুমাত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্য শর্ত প্রযোজ্য। ইউক্রেনে সামরিক অভিযানের পক্ষে বিবৃতি না দেয়া ক্রীড়াবিদদের অংশ নিতে বাধা নেই। রাশিয়ান সশস্ত্র বাহিনী এবং জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত থাকাও যাবে না।
যদিও আইওসি প্রধান এখন বলছেন, ‘একবছর বাকি আছে। আমরা এখনও নিরপেক্ষ ক্রীড়াবিদদের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’
আগে থমাস বাখ বলেছিলেন, ‘প্যারিস অলিম্পিকে রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের অংশগ্রহণের সিদ্ধান্তের জন্য আইওসি কোনো সময়সীমা নির্ধারণ করবে না।’
অনেক আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন এখনও রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের প্রতিযোগিতাগুলোতে অংশ নেয়ার জন্য মানদণ্ড তৈরি করেনি। শুধুমাত্র আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশন (এফআইজি) রাশিয়ান এবং বেলারুশিয়ান জিমন্যাস্টদের উপর থেকে নিরপেক্ষতার শর্তে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি হতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
ফুটবল এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রাশিয়া সবচেয়ে কঠিন অবস্থায় আছে। রাশিয়াকে ফুটবলে ছেলে ও মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব থেকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। টেনিস এবং সাইক্লিংয়ে বেশিরভাগই রাশিয়ান এবং বেলারুশিয়ান নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। দলীয় ইভেন্টে অংশ নিতে পারছেন না।






