বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৭ জনের নাম সম্পৃক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আসাদুজ্জামান মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে এ নির্দেশ দেন।
রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে আবু সাঈদ হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী রোকনুজ্জামান রোকন জানান, নতুন করে ৭ জন আসামী যুক্ত হওয়ায় আবু সাঈদ হত্যা মামলায় মোট আসামী হলো ২৪ জন।
নতুনভাবে যুক্ত হওয়া অন্য আসামী হলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মকর্তা নূরুন্নবী, আবু সাঈদের সুরতহালকারী পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম, সুরতহাল প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকারী সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাত।








