তিন দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরের পর্দা নামলো মঙ্গলবার (২ সেপ্টেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে টিএসসিতে অনুষ্ঠিত এই উৎসব শুরু হয়েছিল ৩১ আগস্ট।
২০০৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এ উৎসব তরুণ নির্মাতাদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করেছে। এবারের প্রতিপাদ্য ছিলো বাংলার সংস্কৃতির অতি পরিচিত উপাদান ‘তালপাখা’, যার আবহেই সাজানো হয়েছিল উৎসব প্রাঙ্গণ।
প্রথম দুই দিনে নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘স্বাধীন চলচ্চিত্র এবং সাম্প্রতিক বাজার প্রবণতা’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন নির্মাতা যুবরাজ শামীম ও প্রযোজক-সম্পাদক বায়েজিদ খান।
শেষ দিনে সকাল থেকে প্রদর্শিত হয় ৫৭টি চলচ্চিত্র, যার মধ্যে ছিল বাংলাদেশি নির্মাতাদের কাজও। পাশাপাশি দর্শকদের জন্য ছিল চলচ্চিত্র পোস্টার প্রদর্শনী ও জলবায়ু সচেতনতা বিষয়ক চিত্রকর্ম।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার। তারা তরুণ নির্মাতাদের সাহসী গল্প বলার প্রশংসা করেন। রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বলেন, “তরুণরা ক্যামেরার পাশাপাশি দায়িত্বও কাঁধে তুলে নিয়েছে। প্রতিটি গল্প জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছে।”
সমাপনী অনুষ্ঠানে আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে কয়েকটি বিভাগে পুরষ্কৃত করা হয়। আসরের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘জহির রায়হান বেস্ট র্শট’ পুরষ্কার লাভ করে আমির রাইসাইন পরিচালিত ‘সাইড বাই সাইড’। ‘তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর’ পুরষ্কার লাভ করে ফয়সাল আহমেদ পরিচালিত ‘দ্য ওয়েভ’। ‘ওয়ান আর্থ শর্ট’ বিভাগে পুরষ্কার লাভ করে মোস্তফা বোরযাওয়ান পরিচালিত ‘দ্য নাইনথ কন্টিনেন্ট’ এবং শিনই নিই পরিচালিত ‘জার্নি ইন দ্য ওশান’। ‘বেস্ট ওয়ান মিনিট শর্ট’ বিভাগে বিভাগে বিজয়ী হয় আনা রেবেকা পরিচালিত ‘আনকনডিশনালি’। এছাড়া ছয়টি বিভাগে ‘অনারেবল মেনশন’ প্রদান করা হয়।।
এবারের আসরে প্রায় ১,৪৩৮টি চলচ্চিত্র জমা পড়ে ৭০টিরও বেশি দেশ থেকে। বাংলাদেশি নির্মাতাদের জমা পড়েছিল প্রায় ১৮০টি চলচ্চিত্র। উৎসবের সমাপনীতে প্রদর্শিত হয় চলচ্চিত্র ফুল দেই।
আয়োজনে সহযোগিতা করেছে রয়েল নরওয়েজিয়ান দূতাবাস ও UNDP বাংলাদেশ। প্রদর্শনী সহযোগী ছিল স্টার সিনেপ্লেক্স।







