কৃষি

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, ২৬-২৮ অক্টোবর ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শনী—চায়না ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল মেশিনারি এক্সিবিশন (সিআইএএমই) ২০২৬।

তিয়ানজিনের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হবে। ৬০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য নিয়ে আয়োজিত সিআইএএমই আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে পরিচিত।

চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন’র হেড অব ইন্টারন্যাশনাল আলেকজান্ডার সান চ্যানেল আইকে জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে প্রায় ৩ লাখ বর্গমিটার জায়গাজুড়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, প্রযুক্তি ও কৃষি উৎপাদনসংশ্লিষ্ট আধুনিক সমাধান প্রদর্শন করা হবে। এতে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩ হাজার প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত।

প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি পেশাদার দর্শনার্থীর সমাগম হতে পারে বলে আশা করছেন আয়োজকেরা। কৃষি যন্ত্রপাতি নির্মাতা, আমদানিকারক, পরিবেশক, কৃষক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট শিল্পের পেশাজীবীদের জন্য এটি আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

কৃষির ক্রমবর্ধমান যান্ত্রিকীকরণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে সিআইএএমই দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রদর্শনীতে কৃষি উৎপাদনের বিভিন্ন ধাপে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

এবারের আয়োজনও আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতি শিল্পে নতুন প্রযুক্তি, ব্যবসায়িক সম্ভাবনা এবং সহযোগিতার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:আন্তর্জাতিক প্রদর্শনী চীন সিআইএএমই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…