দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, অভিযোগ যার বিরুদ্ধেই হোক, এমনকি উপদেষ্টাদের নিয়েও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ছাড় দেবে না দুদক। অন্তর্বর্তী সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না।
সোমবার ১১ আগস্ট জয়পুরহাটের জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানি শেষে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না, তবে কমিয়ে আনা সম্ভব। আমরা যদি পারস্পরিক আন্তরিক হই, তবে দুর্নীতি কমে আসবে।
দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছেন। এর পেছনের মূল কারণ দুর্নীতি। আমাদের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাদের বিষয়েও খোঁজ নেওয়া দরকার। এমনকি আমার সম্পর্কেও খোঁজ নিতে পারেন।
গণশুনানিতে ৩৩টি দপ্তরের ৭৯টি অভিযোগের মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেওয়া হয়। শুনানিতে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগগুলো বিভিন্ন দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন।
গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে গণশুনানিতে বক্তৃতা করেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. সবুর আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।








