লিগ শিরোপা জয়ের সমীকরণটা সহজ ছিল ইন্টার মিলানের। মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপাও জেতা হবে। নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই সিরি আ শিরোপা নিজেদের করে নিয়েছে লৌতারো মার্টিনেজ বাহিনী। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তারকা ফরোয়ার্ড।
ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক মার্টিনেজ বলেছেন, ‘আমার কান্না পাচ্ছে। সিরি আ চ্যাম্পিয়ন হওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আমরা অনেক কষ্ট করেছি। এখান পর্যন্ত আসতে নিজেদের নিংড়ে দিতে হয়েছে। এই শিরোপা আমার পরিবার, সতীর্থ ও সমর্থকদের উৎসর্গ করছি।’
সান সিরোয় সোমবার রাতে রোমাঞ্চকর ম্যাচে ২-১ গোলে জিতে ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার মিলান। ২০২১ সালে দলটির দায়িত্ব নিয়ে কোচ হিসেবে প্রথম সিরি আ জয়ের স্বাদ পেলেন সাবেক স্ট্রাইকার সিমোন ইনজাঘি। তাতে ২৪ বছর পর আবার সিরি আর শিরোপা জয়ের স্বাদ পেলেন এ ইতালিয়ান। এর আগে খেলোয়াড়ি জীবনে ২০০০ সালে সিরি আ জিতেছিলেন লাৎসিওর হয়ে।
পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে থাকা এসি মিলান গোলের জন্য কিংবা লক্ষ্যে শট রাখায়ও আধিপত্য দেখায়। মোট ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে, যেখানে ইন্টারের ১১ শটের তিনটি থাকে লক্ষ্যে। ওই তিন শটের দুটিই জালে পাঠিয়ে উচ্ছ্বাসে ভাসে ইন্টার।
১৮ মিনিটে অ্যাসার্বির গোলে এগিয়ে যায় ইন্টার। ৪৯ মিনিটে মার্কাস থুরামের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৮০ মিনিটে তোমোরির গোলে ব্যবধান কমায় মিলান। শেষপর্যন্ত তারা ইন্টারের শিরোপা জয় বিলম্বিত করতে পারেনি।
শেষদিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস ও মিলানের থিও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুদলই পরিণত হয় দশ জনে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখে জয় নিশ্চিত করে লিগ শিরোপার উদযাপনে মাতে।







