ডিসেম্বর শেষে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ব্যাংক খাতের সংকট কাটাতে ৭০ হাজার কোটি টাকা প্রয়োজন এবং খেলাপি ঋণ দ্রুত কমাতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) ও ইউএনডিপির যৌথ আয়োজিত এক সভায় গভর্নর এসব কথা বলেন।
আহসান এইচ মনসুরের বলেন, দেশের ব্যাংক খাতে চাঁদাবাজির একটি চক্র দুর্বল হলেও আরেকটি চক্র সেখানে প্রভাব বিস্তার করেছে। এখান থেকে আমাদের সরে আসতেই হবে।
গভর্নর জানান, খেলাপি ঋণ আদায় আরও জোরদার করতে অর্থ ঋণ আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের নিচে নামানোর লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “আইএমএফ নয়, নিজস্ব নীতিতেই দেশের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠান জাতীয় সম্পদ- ব্যক্তির দায়ে কোনো প্রতিষ্ঠান বন্ধ না করলেও, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তি ছাড় পাবে না, আইনের প্রয়োগ নিশ্চিত হবে- এটাই আমাদের নীতি।”
ড. আহসান উল্লেখ করেন, নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা আদায়ের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা আগামী অর্থবছরের বাজেট থেকে যোগান দেওয়া হবে।
এ সময় তিনি বলেন, দেশে ছোট ছোট অনেক ব্যাংক থাকলেও আন্তর্জাতিক মানের একটি ব্যাংক নেই। তবে যথাযথ প্রচেষ্টা থাকলে আগামী ১০–১৫ বছরে ব্র্যাক ব্যাংক আন্তর্জাতিক মানে উন্নীত হতে পারে।







