নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ভারতের বিবৃতি

ছবি: ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদে স্লোগান দেয়ার সময় হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মত পরিস্থিতির সৃষ্টি হয়নি।
রোববার ২১ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের খবর নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানান তিনি।
তিনি জানান, শনিবার ২০ ডিসেম্বর প্রায় ২০ থেকে ২৫ জন তরুণ ভারতের নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশের সকল সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানান। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়।
রণধীর জয়সওয়াল আরো বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
তাছাড়া বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলেও উল্লেখ করেন তিনি।






