আন্তর্জাতিক

ভারতের গুরগাঁও মসজিদে হামলাকারীরা চিহ্নিত, গ্রেপ্তার: কেন্দ্রীয়মন্ত্রী

গুরগাঁও মসজিদে হামলার তদন্তে পুলিশ ও নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরগাঁও মসজিদে হামলার ঘটনায় তদন্তের জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের গুরগাঁও এর একটি মসজিদে হামলার ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজনকে আহত হয়েছে। পরে দেশটির পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হামলাকারীদের শনাক্ত করে। অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ৩১ জুলাই সোমবার ভারতের গুরগাঁও এর ৫৭ নম্বর সেক্টরের আঞ্জুমান জামে মসজিদে হামলা এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ট্রাক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেন্দ্রীয়মন্ত্রী এবং গুরগাঁও এর সাংসদ রাও ইন্দ্রজিৎ সিং জানান, গুরগাঁও-এ একটি মসজিদে হামলার ঘটনায় ইমামসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনার বিষয়ে একটি প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে গতকাল ভারতের হরিয়ানায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে দুইজন হোম গার্ডসহ ৪ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গুরুগ্রাম সংলগ্ন হরিয়ানার নুহতে একটি ধর্মীয় মিছিল চলাকালীন এই সংঘর্ষ শুরু হয়। হরিয়ানার এই ঘটনার প্রভাব গুরগাঁও-এ পড়েছে বলে জানিয়েছেন সেখানকার কেন্দ্রীয়মন্ত্রী।

ঘটনার পর ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও পুলিশ এবং প্রশাসন উভয়ই শান্তি নিশ্চিত করতে সম্প্রদায়ের বিশিষ্ট সদস্যদের সাথে বৈঠক করছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তার কারণে রাজ্যের সোহনা, পতৌদি ও মানেসার এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…