ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে থাকার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। সাঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসকে ১১২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ফ্যাফ ডু প্লেসিসের দল। জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্টে রাজস্থানকে সরিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে বেঙ্গালোর।
রোববার জয়পুরের সাই মানসিং স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালোর অধিনায়ক ডু প্লেসিস। ডু প্লেসিসের ৪৪ বলে ৫৫, গ্লেন ম্যাক্সওয়েলের ৩৩ বলে ৫৪ এবং অনুজ রাওয়াতের ১১ বলে ঝড়ো ২৯ রানে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে বেঙ্গালোর।
রাজস্থানের অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা ২৫ রানে ২টি, কেএম আসিফ ৪২ রানে ২টি এবং সন্দীপ শর্মা ৩৪ রানে একটি উইকেট নেন।
জবাবে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। শিমরন হেটমায়ার ও জো রুট ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। এ দুজনের ব্যাট থেকে ইনিংসের ৪৫ রান আসে। সর্বোচ্চ ১৯ বলে ৩৫ রান আসে হেটমায়ারের থেকে, জো রুট করেন ১৫ বলে ১০ রান।
বেঙ্গালোরের ওয়েইন পারনেল ৩ ওভারে ১০ রান দিয়ে ৩টি, কর্ন শর্মা ১.৩ ওভারে ১৯ রানে ২টি এবং মাইকেল ব্রেসওয়েল ৩ ওভারে ১৬ রানে ২টি করে উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।
প্লে-অফের সুপার ফোরের কাছাকাছি যেতে বড় জয়ের দরকার ছিল বেঙ্গালোরের। গুরুত্বপূর্ণ ম্যাচে সেটিই করে দেখাল দলটি। ১২ ম্যাচ খেলে ৮ জয়ে টেবিলের শীর্ষে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। আইপিএলে প্রতিটি দল গ্রুপ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে।






