পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের মধ্যে বৈঠক, বাংলাদেশের পতাকা পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর হাছান মাহমুদের সাথে এটিই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ।
সোমবার ১৫ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে মন্ত্রী দু’নিকটতম প্রতিবেশীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিকটতম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। দু’দেশের মানুষের মাঝে যোগাযোগ ও বাণিজ্যের প্রসারে আন্তঃদেশীয় রেল ও সড়ক সংযোগ স্থাপনে চলমান কাজ দ্রুত সমাপ্তির জন্য আমরা চেষ্টা করছি।
সেইসাথে আন্তর্জাতিক মুদ্রার ওপর নির্ভরতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশের টাকা ও ভারতের রুপি ব্যবহারের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে করে উভয় দেশই উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।






