বার্বাডোজে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রান পেলেও ইনিংস লম্বা করতে পারেননি বিরাট কোহলি। দেখেশুনে এগোতে থাকলেও আফগান বোলারদের তোপে চার ব্যাটারকে হারিয়েছে ভারত। তিন ওভার বল করে ৩ উইকেট তুলে নিয়েছেন রশিদ খান।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৪ উইকেটে ৯০ রান করেছে রোহিত শর্মার দল। সূর্যকুমার যাদব ১০ বলে ২০ রানে এবং হার্দিক পান্ডিয়া রানের খাতা না খুলে ক্রিজে আছেন।
ব্যাটে নেমে শুরুটা মন্থর হয় ভারতের। ২.৫ ওভারে দলীয় ১১ রানে রোহিতকে ফেরান ফজলহক ফারুকী। ১৩ বলে ৮ রান করেন ভারত অধিনায়ক। পান্টকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন কোহলি। সপ্তম ওভারের শেষ বলে পান্ট ফিরে যান ১১ বলে ২০ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার।
গ্রুপপর্বে রান না পাওয়া কোহলি এই ম্যাচে রান পেয়েছেন। তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। ৮.৩ ওভারে দলীয় ৬২ রানে রশিদ খানের শিকার হন। এক ছক্কায় ২৪ বলে ২৪ রান করেন।
১০.৫ ওভারে রশিদ খানের তৃতীয় শিকার হন শিভম দুবে। এক ছক্কায় ৭ বলে ১০ রান করেন।








