আসছে ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলে গড়াতে চলেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আসরের জন্য প্রথম দেশ হিসেবে দল দিয়েছে আয়োজক ভারত। চোট কাটিয়ে ফিরেছেন পেসার রেনুকা সিং ও অলরাউন্ডার আমানজোত কৌর।
মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। সুযোগ হয়নি শেফালি ভার্মার। সবশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন তেজল হাসনাবিস, শুচি উপাধ্যায় ও সায়ালি সাতঘার।
৮ দলের আসরে ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে ভারত। ৫ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ৯ অক্টোবর বিশাখাপত্তমে নামবে সাউথ আফ্রিকা মেয়েদের বিপক্ষে। ১২ অক্টোবর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ১৯ অক্টোবর খেলবে ইংল্যান্ড, ২৩ অক্টোবর নিউজিল্যান্ড এবং ২৮ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েদের।
তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। ১৪ সেপ্টেম্বর থেকে চন্ডীগড়ে গড়াবে সিরিজ। একই ভেন্যুতে ১৭ তারিখ দ্বিতীয় এবং দিল্লিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি দুদল। তিন ম্যাচের সিরিজে রাখা হয়নি আমানজোতকে, বিশ্রামে থাকবেন তিনি।
ভারতের মেয়েদের বিশ্বকাপ দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমিমাহ রদ্রিগেস, রেনুকা সিং, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ, ক্রান্তি গৌড়, আমানজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, স্বস্তিকা ভাটিয়া ও স্নেহ রানা।








