বিশ্বকাপে শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণ। ম্যাচটি দেখার জন্য দুদেশের দর্শকদের কাছেই টিকিটের চাহিদা প্রচুর। বিষয়টি ভিন্নভাবে সামনে এনেছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বলছেন, এই ম্যাচ খেলার চেয়ে টিকিট দেয়া বেশি চাপের।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ম্যাচ। এমন ম্যাচে পরিবার-স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের দিক থেকে টিকিট জোগাড় করে দেয়ার চাপ থাকে ক্রিকেটারদের উপর। বাবর বলেছেন, ‘এ ম্যাচের চেয়ে টিকিটের চাপ বেশি। এটা আমাদের জন্য চাপের কোনো ম্যাচ না। আমরা একে অপরের সাথে প্রচুর ম্যাচ খেলেছি।’
‘হায়দরাবাদে আমরা প্রচুর সমর্থন পেয়েছি এবং আশা করছি আহমেদাবাদেও একই সমর্থন পাবো। আমরা দলের জন্য কী করতে পারবো সেটাই আসল বিষয়। এই পরিবেশে বোলাররা যত কম ভুল করবে ততো ভালো।’
‘আমি মনে করি অতীতে যা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা বাস্তবে ফিরতে চাই। মনে করি আমরা ভালো করতে পারব। ভারত-পাকিস্তান সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ। আমরা নিজেদের উপর বিশ্বাস রাখছি। সমর্থকদের সামনে আমরা ভালো কিছু করার সুযোগ পাবো।’
শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটি হবে। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।







