বাংলাদেশের বিপক্ষে চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তার জায়গায় সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণকে খেলানোর কথা ভাবছে ভারত। কিউই ম্যাচের আগেরদিন দুজনই শিকার হয়েছেন অঘটনের।
ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে রোববার অপরাজিত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অপরাজিত ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।
বিশ্বকাপে এপর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে ভারত ও নিউজিল্যান্ড। দুদলের কেউই দেখেনি হারের মুখ। গুরুত্বপূর্ণ ম্যাচ কিউই-টিম ইন্ডিয়ার। ম্যাচের আগেরদিন অনুশীলনে কব্জিতে চোট পেয়ে নেট ছাড়েন টি-টুয়েন্টির মারকুটে ব্যাটার সূর্যকুমার। চোট তেমন গুরুতর না হওয়ায় এক্স-রে করাতে হয়নি ৩৩ বর্ষী ডানহাতি ব্যাটারকে।
অন্যদিকে কিউই ম্যাচের আগে নিজেকে শেষমুহূর্তে ঝালিয়ে নিতে অনুশীলনে ছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাণ। সেসময় মৌমাছি কামড়ে দিলে অনুশীলন ছাড়েন। দুজনের চোটই খুব বেশি গুরুতর না হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে যেকোনো একজনকে।
ওয়ানডেতে ১১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। জয়ের দিকে এগিয়ে স্বাগতিকরা, জিতেছে ৫৮ ম্যাচে। ব্ল্যাক ক্যাপস বাহিনী ৫০ ম্যাচে জয় তুলেছে। একটি ম্যাচ টাই হয়েছিল, সাতটি পরিত্যক্ত।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবশ্য এগিয়ে নিউজিল্যান্ড। ৯বারের মোকাবেলায় ৫ ম্যাচে জিতেছে কিউইরা, ভারত ৩টিতে জয়ের মুখ দেখেছে। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।








