ক্রিকেট

ভারত ম্যাচে ‘পিচ পাল্টানো’ নিয়ে যা জানাল আইসিসি

ক্রিকেট মাঠে একজন খেলোয়াড় মেঝেতে বসে আছেন, পাশে একজন কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে একজন খেলোয়াড় মেঝেতে বসে আছেন, পাশে একজন কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের আগে পিচ পাল্টে ফেলা নিয়ে চলতে থাকে তোলপাড়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ নম্বর পিচে খেলা হওয়ার কথা থাকলেও আকস্মিকভাবে সেটির পরিবর্তে ৬ নম্বর পিচে খেলার সিদ্ধান্ত নেয়া হয়। যা নিয়ে বিতর্ক দানাবাঁধে। আইসিসিকে সেটার ব্যাখ্যাও দিতে হল।

বুধবার আসরের প্রথম সেমিফাইনালের আগে পিচ কেন্দ্রিক বিতর্কের ব্যাখ্যা দিয়েছেন আইসিসির এক মুখপাত্র। তার ভাষ্য, ‘এমন দীর্ঘ একটি ইভেন্টের শেষদিকে পরিকল্পিতভাবে পিচ পরিবর্তনগুলো সাধারণ বিষয়। ইতিমধ্যে আরও কয়েকবার এমনটা ঘটে গেছে।’

‘আমাদের আয়োজকদের সঙ্গে নিয়ে ভেন্যু কিউরেটরের সুপারিশে এই পরিবর্তন করা হয়েছিল। আইসিসির স্বাধীন পিচ পরামর্শদাতা পিচ পরিবর্তন সম্পর্কে অবগত ছিলেন। পিচে ভালো খেলা হবে না, এমনটি বিশ্বাস করার কোনো কারণ নেই।’

আইসিসির স্বাধীন পিচ পরামর্শদাতা হিসেবে নিযুক্ত আছেন অ্যান্ডি অ্যাটকিনসন। তিনি স্থানীয় গ্রাউন্ড স্টাফদের পাশাপাশি আইসিসির পিচ সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করেন।

ব্রিটিশ গণমাধ্যমে খবর, অ্যাটকিনসন পুরো বিশ্বকাপজুড়ে পিচ নিয়ে হওয়া পরিকল্পনার পরিবর্তনের কারণে হতাশ হয়ে পড়েছেন। তার ফাঁস হওয়া ই-মেইল অনুসারে, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি নির্ধারিত পিচে হবে কিনা, সেটি নিয়েও তার সন্দেহ রয়েছে। টিম ম্যানেজমেন্ট কিংবা স্বাগতিক দেশের বোর্ডের উচ্চ পর্যায়ের অনুরোধে বিশেষভাবে পিচ বেছে নিয়ে প্রস্তুত করা হচ্ছে বলে খবর।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে খবর, পিচ যেন মন্থর থাকে সেই অনুরোধ স্বাগতিক দল জানিয়ে রেখেছে। টিম ম্যানেজমেন্ট বিসিসিআই কিউরেটরদের বেশিরভাগ ঘাস কেটে ফেলার জন্য বলেছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েকবছরে ভারত ঘরের মাঠে ধীরগতির পিচে ভালো পারফর্ম করেছে। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট ম্যাচগুলো ধীরগতির পিচে আয়োজনের জন্য অনুরোধ করেছিল।

বিষয়:আইসিসি ওয়াংখেড়ে স্টেডিয়াম ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নিউজিল্যান্ড পিচ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…