বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনে লড়লেও পুরোপুরি নিজেদের করে নিতে পারেনি ভারত। দিনের শেষ বলে বিরাট কোহলির উইকেট হারিয়েছে স্বাগতিক দল। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১২৫ রানে পিছিয়ে আছে ভারত।
প্রথমদিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ড বড় ধাক্কা দিয়ে প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট করে ভারতকে। নিজেরা ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪০২ রানে অলআউট হয় তৃতীয় দিনে এসে। কিউিইরা প্রথম ইনিংস থেকে লিড পায় ৩৫৬ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুটা দারুণ করেন দুই স্বাগতিক ওপেনার যশ্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। ৭২ রানে জয়সওয়ালের (৩৫) আউটে ওপেনিং জুটি ভাঙার পর রোহিত ৫২ করে সাজঘরে ফিরে যান।
দুই ওপেনারের আউটের পর হাল ধরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। তৃতীয় উইকেটে তাদের জুটিতে আসে ১৩৬ রান। ৭০ রান করে দিনের শেষ বলে গ্লেন ফিলিপসের বলে সাজঘরে ফিরে গেছেন কোহলি। ৭০ রানে অপরাজিত আছেন সরফরাজ। ১২৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে ভারত।
এদিন টেস্টে ৯ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের চলতি টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর দ্বিতীয় ইনিংসে সরফরাজের সঙ্গে হাল ধরে ফিফটি তুলে নিয়েছেন তিনি।
শুক্রবার ব্যক্তিগত ৫৩ রানের সময় ৯ হাজারি ক্লাবে নাম লেখান কোহলি। বেঙ্গালুরুতে ক্যারিয়ারের ১১৬তম ম্যাচে এসে মাইলফলক গড়লেন ডানহাতি ৩৫ বর্ষী তারকা। টেস্টে তারর সেঞ্চুরি আছে ২৯টি।







