ক্রিকেট

বিশ্বকাপে কোহলির প্রথম ‘শূন্য’ ইংলিশ পরীক্ষায়

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের ভিড়ে ব্যস্ত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের ভিড়ে ব্যস্ত স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আসরে রান সংগ্রাহকের সেরা পাঁচে ছিলেন। রোববার নেমে মুদ্রার উল্টো পিঠও দেখলেন ভারত মহাতারকা। বিশ্বমঞ্চে নিজের প্রথম শূন্য রানে আউটের ঘটনা নামের পাশে যোগ করেছেন।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ব্যাটে নেমে শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিক দলটি। রানের খাতা না খুলে সাজঘরে ফিরে যান কোহলি।

সপ্তম ওভারে ডেভিড উইলিকে এগিয়ে এসে মাথার উপর দিয়ে মারতে গিয়েছিলেন, তাতে গড়বড় করে ক্যাচ দিয়ে বসেন কোহলি। মিডঅনে বেন স্টোকসের তালুবন্দি হয়ে ফিরে যান। তাতে বিশ্বমঞ্চে ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে আউটের ঘটনাটিও দেখে ফেলেন। ৯ বল খেলে শূন্য রানে ফিরে যান কোহলি। ওয়ানডেতে এ নিয়ে ১৬তম ডাক হাঁকালেন।

কোহলি এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের বিপক্ষে। একদিনের ক্রিকেটে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের চেয়ে একটি সেঞ্চুরিতে পিছিয়ে আছেন। শচীন ৪৯ ওয়ানডে শতকের বিপরীতে ভারতের পোস্টারবয়ের শতক ৪৮টি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৮ রান। ৭৬ বলে ৬৭ রানে ক্রিজে আছেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৪ বলে ৩৪ রান করে সঙ্গ দিচ্ছেন লোকেশ রাহুল।

বিষয়:ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কোহলি ভারত রোহিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…