পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করে প্রথমবার সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি টি-টুয়েন্টি খেলতে ভারতে যাচ্ছে টিম টাইগার্স। তাদের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভারতে সুবিধা করতে পারবে না, বলছেন সৌরভ গাঙ্গুলি।
বাংলাদেশকে হালকাভাবেই নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ। শুরুতে পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেছেন, ‘আমি পাকিস্তানে প্রতিভার অভাব দেখতে পাচ্ছি। পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খানদের কথা মনে পড়ে। কিন্তু ওরা তো আর এখন জেতাতে পারবে না।’
‘প্রত্যেক প্রজন্মে ভাল ক্রিকেটার দরকার। কিন্তু ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ ও তার পর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম, তা থেকেই প্রমাণিত যে ক্রিকেটার উঠে আসছে না। ওদের এই দিকে নজর দেয়া উচিত।’
ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেললেও এখনও কোনো জয় নেই বাংলাদেশের। তবে পাকিস্তান সফরের আগে তাদের বিপক্ষেও আগের ১৩ টেস্টে জয়হীন ছিল লাল-সবুজ দল। সেই ইতিহাস অবশ্য বদলে দিতে পেরেছেন শান্তবাহিনী।
বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে সৌরভ বলেছেন, ‘পাকিস্তানে গিয়ে তাদের হারানো কখনো সহজ নয়, সুতরাং অভিনন্দন বাংলাদেশের খেলোয়াড়দের। তবে ভারতে ভারত সহজেই দমে যাওয়ার পাত্র নয়। ঘরে হোক বা বাইরে, ভারতের ব্যাটিং বিভাগ খুবই চমৎকার ও শক্তিশালী।’
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৬ অক্টোবর থেকে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত।







