ভারতীয় রপ্তানিপণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে দ্বিতীয় লবিং ফার্ম নিয়োগ দিয়েছে ভারতের দূতাবাস।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সাবেক সেনেটর ডেভিড ভিটারকে অন্তর্ভুক্ত করে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠান ভারতের জন্য ফেডারেল সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষাসহ বিভিন্ন সেবা দেবে।
চুক্তি ও ব্যয়
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে জমা দেওয়া নথি অনুযায়ী, চলতি আগস্ট মাসের মাঝামাঝি থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত তিন মাসের জন্য এই চুক্তি কার্যকর থাকবে। এ সময় মার্কারিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার করে, মোট ২ লাখ ২৫ হাজার ডলার পরিশোধ করবে ভারত।
এর আগে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা জেসন মিলারের ফার্ম এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসিকে ১৮ লাখ ডলার দেওয়ার চুক্তি করা হয়েছিল, যা তুলনামূলকভাবে অনেক বড় সংখ্যা।
ট্রাম্পের শুল্ক সিদ্ধান্ত
রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের ওপর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তুতি চলছে, যা আগামীকাল বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সম্প্রতি বলেন, আমি মনে করি এই শুল্ক আরোপ হবেই। ভারত তাদের ভূমিকা স্বীকার করতে চাইছে না।
মার্কারির পটভূমি
মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ফার্মের সঙ্গে হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি উইলসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানের নিবন্ধিত লবিস্ট ছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়া, জাপান, লিবিয়া ও ইকুয়েডরের সরকারের জন্যও কাজ করছে।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর অন্তত ৩০টি দেশ নতুন লবিস্ট নিয়োগ করেছে, যাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।







