বিশ্বকাপে ফেভারিট দলের তকমা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ভারত। ঘরের মাঠে চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা। তবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি এখনও বাকি। ভারত-ইংল্যান্ড ম্যাচের রোমাঞ্চকর লড়াই দেখতে টিকিট সংকটে পড়েছেন সমর্থকরা।
দেশটির সংবাদমাধ্যমের দাবি, ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকেট কালোবাজারে ৫০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ হাজার টাকা।
লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ অক্টোবর ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। ওই মাঠের পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্যালারির টিকিটের স্বাভাবিক দাম ৪৯৯ রুপি। উত্তর দিকের করপোরেট বক্সের টিকিটের দাম ৪ হাজার রুপি। কিন্তু এ দুটি গ্যালারির টিকিট কালোবাজারে ৫ হাজার থেকে ৫০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। যদিও এই ভেন্যুতে নির্ধারিত পাঁচ ম্যাচের মধ্যে এটিই বিশ্বকাপের শেষ ম্যাচ।
ভারতের পুলিশ বিভাগ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। তবে অপরিচিত কারোর কাছে নয়, নিজেদের চেনা-জানা লোকজনই কালোবাজারে টিকিট কেনাবেচা করছেন।
ইউপি পুলিশের বিশেষ মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, ‘রাজ্য পুলিশের বিশেষ সংস্থা এবং লক্ষ্ণৌ পুলিশ এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টে নজরে রাখছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’







