এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। ইংলিশ ব্যাটাররা টিম ইন্ডিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। বল হাতে জ্বলে ওঠা ভুবনেশ্বর কুমার হয়েছেন ম্যাচসেরা।
টসে হেরে আগে ব্যাট করা ভারত ৮ উইকেটে ১৭০ রান করে। ইংল্যান্ড ৩ ওভার বাকি থাকতেই ১২১ রানে অলআউট হলে ৪৯ রানে সফরকারীরা জেতে। সিরিজে ২-০তে এগিয়ে ভারত।
ম্যাচ শেষে ভুবনেশ্বর সাদা বলে দীর্ঘ সময় সুইং পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, ‘সত্যি বলতে জানি না কেনো বল সুইং হচ্ছে। কারণ এখানে বেশ কয়েকবার এসেছি এবং খেলেছি। শেষ কয়েকটি সিরিজে এমন সুইং হয়নি।’
‘এমনকি খুব অবাক হয়েছিলাম যে, সাদা বলটি দীর্ঘ সময়ের জন্য সুইং করছিল। বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাটে। একইসঙ্গে উইকেটে অনেক বাউন্স রয়েছে। যখন বল সুইং করে তখন আরও উপভোগ করা যায়।’
৩ ওভারে এক মেডেনসহ ১৫ রান দিয়ে ৩ উইকেট পান ভুবনেশ্বর। নিজের পারফরম্যান্স আক্রমণাত্মক ছিল সেটি মুখেও সাফ জানালেন।
‘যদি বল সুইং করে, আমার শক্তি ঢেলে দিয়ে আক্রমণ করতে চাই। ব্যাটসম্যানরা ফ্ল্যাট উইকেটে আক্রমণ করে। তারা সেখানে তাদের শট খেলে। কিন্তু এই দুটি ম্যাচে বল সুইং হয়েছে এবং আমি আক্রমণাত্মক ছিলাম।’
‘যদি নিজেকে একটা ইনসুইঙ্গার, একটা আউটসুইঙ্গার বল করার মতো মনে করেন, তবে সেই তাগিদ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে বোলিং করুন এবং ব্যাটসম্যানের উপর নিয়ন্ত্রণ বজায় রাখুন, সাফল্য আসবে।’










