অস্ট্রেলিয়ার সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরজ হারের পর বেশ নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিয়ম-নীতিতে পরিবর্তনসহ নিচ্ছে নানা পদক্ষেপ। এসবের মাঝে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক রোহিত শর্মাই থাকবেন কিনা। সবকিছু ছাপিয়ে বিসিসিআই জানিয়ে দিল, রোহিতের নেতৃত্বেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রাথমিক দল দেবে ভারত। অধিনায়ক থাকবেন রোহিতই।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংস্করণটিকে বিদায় বলেছিলেন রোহিত। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো কাটছে না তার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করেছে ভারত। দুই সিরিজেই রানের দেখা পাননি অধিনায়ক।
দল ও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে রোহিতের দলে থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে রাখা হবে কিনা, দলে থাকলেও অধিনায়কত্ব করবেন কিনা, এমন আলোচনা চলছিল। বিসিসিআই ভরসা রাখল রোহিতের উপরই।
১৯ নভেম্বর, ২০২৩ সালে আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর কেবল ছয়টি ওয়ানডে খেলেছে ভারত। ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে তারা। এর আগে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।







