বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল সংগীত উৎসব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছেন কলকাতার প্রখ্যাত সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জী। এরইমধ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানীতে আর্টিস্ট ক্লাব ও ডিইউসিএফ-এর যৌথ আয়োজনের এক বিশেষ সংগীত সন্ধ্যায় মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ভরিয়া পরান শুনিতেছি গান’ পরিবেশন করে আবেগঘন পরিবেশ তৈরি করেন সুমনা। এরপর নজরুল সংগীতের পাশাপাশি আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকরসহ কিংবদন্তী শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করেন।
একই সঙ্গে নিজের চারটি মৌলিক গান— ‘কেন ছুঁতে চাই বারে বারে’, ‘মিস করছি’, ‘সায়ন’ ও ‘বলা মুশকিল’ গেয়েও শ্রোতাদের প্রশংসা কুড়ান। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ আয়োজনে তিনি ২৫টিরও বেশি গান পরিবেশন করেন।
উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘যেন আকাশকে বলো না কখনো’, ‘এমন একটি ঝিনুক’, ‘মাধবী মধুপে হল মিতালি’, ‘যেতে দাও আমায়’, ‘আমার অঙ্গে জ্বলে রঙমশাল’, ‘ও শ্যাম যখন তখন’, ‘প্রথমে সকাল শেষে সন্ধ্যা’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘তোমার সঙ্গে দেখা না হলে’, ‘ললিতা গো’, ‘এ শুধু গানের দিন’, ‘ও তোতা পাখিরে’, ‘আমি তো তোমার চিরদিনের’, ‘ও মাঝিরে ও মাঝি’, ‘তোমার টানে সারা বেলার গানে’, ‘দেখেছ কি তাকে’, ‘মনের হদিশ’, ‘দে রে না না’ এবং ‘এই বাংলার মাটিতে’। প্রতিটি গানেই দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত করতালি ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আর্টিস্ট ক্লাবের পক্ষ থেকে সুমনা চ্যাটার্জীকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মুস্তাফা, ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর সভাপতি মাহফুজার রহমান, আর্টিস্ট ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমানসহ আর্টিস্ট ক্লাব ও ডিইউসিএফ-এর নেতৃবৃন্দ, বিশিষ্ট সংস্কৃতিকর্মী, শিল্পী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা।

