দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। ১১ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন। বুধবার দুপুরে তার কলম্বোর ফ্লাইট ধরার কথা ছিল। শেষ পর্যন্ত যাচ্ছেন না। ভারতের বিপক্ষে শুক্রবার খেলা হচ্ছে না মুশফিকের।
মুশফিকের শ্রীলঙ্কায় না যাওয়ার বিষয়টি বুধবার দুপুরে জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নবজাতক সন্তান এবং পরিবারের সাথে থাকার জন্য মুশফিকের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি এখন পরিবারের সাথে ঢাকায় থাকবেন।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, মুশফিকুর আমাদের জানিয়েছেন- স্ত্রী এখনও সুস্থ হওয়ার দিকে আছেন। এই সময়ে তাকে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে থাকতে হবে। আমরা পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি। তাকে খেলতে না যাওয়ার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার সম্ভাবনা নেই সাকিবদের। বিশ্বকাপের আগে বাংলাদেশের পরের মিশন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। তিন ওয়ানডে খেলতে ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসবে কিউই দল। সেদিনই শ্রীলঙ্কায় এশিয়া কাপের ফাইনাল।







