ভারত, গোয়া থেকে: সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারত। দলে অনেক তরুণ খেলোয়াড় সুযোগ পেয়েছিল। জয়ের পর ভারত নারী দলের কোচ ক্রিসপিন ছেত্রী বলেছেন, প্রতিপক্ষ বাংলাদেশ দল সঠিক পথে এগিয়ে চলেছে।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ছেত্রী বলেন, তার দলের জন্য ম্যাচটি ছিল বড় একটি চ্যালেঞ্জ। কারণ দলে অনেক তরুণ খেলোয়াড় ছিল। তবে চাপের মুহূর্তে তার খেলোয়াড়রা দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়েছে বলেই ভারত শিরোপা জিততে পেরেছে।
‘আমাদের অনেক তরুণ খেলোয়াড় ছিল। বাংলাদেশের মতো আমরাও নতুনদের সুযোগ দিয়েছি। মনে করি আমাদের মেয়েরা নিজেদের চরিত্র দেখিয়েছে এবং এই সাফল্য উদযাপন করার অধিকার তাদের রয়েছে।’
বাংলাদেশ প্রসঙ্গে ছেত্রী বলেন, ‘বাংলাদেশও একটি মিশ্র দল নিয়ে এসেছে। মনে করি তারা সঠিক পথেই এগোচ্ছে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে চাপ সামলানোর ক্ষমতা। আমাদের তরুণরা সেটি ভালোভাবে করতে পেরেছে।’
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ কিছুটা আধিপত্য দেখালেও বিরতির পর ভারত ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হাফ-টাইমে কী বার্তা দিয়েছিলেন— এমন প্রশ্নে ছেত্রী জানান, ‘শুধু বলেছিলাম, জেতার ক্ষুধা থাকতে হবে। দ্বিতীয়ার্ধে আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা অনেকবেশি ছিল। আমার মনে হয় সেটিই জয়ের মূল কারণ।’
শিরোপা জয়ের কৃতিত্ব দিতে গিয়ে ছেত্রী ভুটানের কথাও উল্লেখ করেন। তার মতে, টুর্নামেন্টে ভুটানের বিপক্ষে কঠিন অভিজ্ঞতা ভারতীয় দলকে আরও সতর্ক ও ক্ষুধার্ত করে তুলেছিল।







