বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমে ধীরস্থির এগোচ্ছে অস্ট্রেলিয়া। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে তৃতীয় ওভারে মিচেল মার্শের উইকেট হারায় অজিরা, পরে সাবধানী হয়ে খেলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে অস্ট্রেলিয়া। তিনে নামা ডানহাতি স্টিভেন স্মিথ ৬৬ বলে ৪৩ রানে এবং মার্নাস লাবুশেন ২৬ বলে ১৭ রানে অপরাজিত আছেন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ।
ইনিংসের শুরুতে আঘাত হানেন পেসার জাসপ্রিত বুমরাহ। প্রথম ওভারে এক রান দেয়ার পর তৃতীয় ওভারে ফেরান ট্রাভিস হেডের পরিবর্তে ওপেন করতে আসা মার্শকে। ৬ বল খেলে কোন রান যোগ করার আগেই স্লিপে ক্যাচ বানিয়ে তাকে সাজঘরের পথ দেখায় ভারত।
মার্শের আউটের পর স্মিথ ও ওয়ার্নার অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখেন। ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। বাঁহাতি রিস্ট স্পিনার কূলদীপ যাদবের বলে ক্যাচ হওয়ার আগে ওয়ার্নার খেলে যান ৫২ বল, করেন ৪১ রান।








