উদ্বোধন হচ্ছে গোদাগাড়ী-মুর্শিদাবাদ নৌ-রুট

গোদাগাড়ী-মুর্শিদাবাদ নৌ-রুটের উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিভিন্ন পতাকা ও টেন্ট দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের মায়া সীমান্ত থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌ-রুটের উদ্বোধন হতে যাচ্ছে আজ। ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট নং ৫ ও ৬ আরিচা-রাজশাহী-সুলতানগঞ্জ-মায়া-ধুলিয়ান এর অংশের সুলতানগঞ্জ অংশের নৌ-রুটের উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উদ্বোধনের পর সুলতানগঞ্জ নদী বন্দরের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদবাদ জেলার সাগরদিঘী থানার মায়া ঘাট এবং নদী বন্দরের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হবে। উদ্বোধনী দিন ভারত থেকে এক ভেসেলে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে।
উদ্বোধন উপলক্ষে গোদাগাড়ীতে সাজ সাজ রব নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কাস্টমস-এর কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী নৌকা বন্দর কাজের পরিদর্শন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরোশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী -১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মি. প্রণয় ভার্মা, অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আফির আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ও কাস্টমস -এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্থানীয়রা জানান, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত সুলতানগঞ্জ-মায়া ও গোদাগাড়ী ও ভারতের লালগোলা নৌঘাটের মধ্যে নৌপথে বিপুল বাণিজ্য চালু ছিল। বাংলাদেশ থেকে এই পথে ভারতে বিপুল পরিমাণ পাট রপ্তানি হতো।




