‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’এই শিরোনামকে সামনে রেখে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ৬ জুন দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ এ বৈঠক শুরু হয়। বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে সরকার প্রবীণ জনগোষ্ঠীর সুরক্ষায় বিশেষভাবে নজর দিয়ে সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবনা রেখেছেন।
যেখানে ২০২৩-২৪ অর্থবছরে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষা খাতে ৫৮ লাখ ১ হাজার প্রবীণের জন্য মাসিক ৬০০ টাকা হারে মোট ৪ হাজার ২০৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। সেখানে, নতুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভাতাপ্রাপ্ত প্রবীণের সংখ্যা বৃদ্ধি করে ৬০ লক্ষ ১ হাজার জনে উন্নীত করার পাশাপাশি তাদের সুরক্ষা খাতে ৪ হাজার ৩৫১ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব দিয়েছে সরকার।
এছাড়া, ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা বিদ্যমান ২৫ লাখ ৭৫ হাজার জন থেকে বৃদ্ধি করে ২৭ লাখ ৭৫ হাজার জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সুরক্ষা বাবদ ১ হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।







