কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনিয়ন বিএনপির প্রথম সভায় হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নারান্দী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে পরিচিতি সভা পণ্ড হয়ে যায়।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় বোরহান সরকারকে আহ্বায়ক করে নারান্দী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য আহ্বায়ক কমিটিও অনুমোদন দেয়া হয়। গতকাল রোববার রাতে নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখা কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা ও প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় নারান্দী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এসময় অনুষ্ঠান চলাকালে বিগত সময়ের আন্দোলন-সংগ্রামে শুধু কয়েকজনের নাম বলা হচ্ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সভা পণ্ড হয়ে যায়। এ ঘটনায় আবার রাস্তার মধ্যে পথ আটকিয়ে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইজাজুল হোসেন ইমন ও ইউনিয়ন জাসাসের আহ্বায়ক রোমান মিয়ার নেতৃত্বে কয়েজন মিলে মো. রাজু আহমেদ তুষার নামের এক বিএনপি কর্মীকে মারপিট করে। এতে রাজু আহমেদ তুষার আহত হয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে।
নারান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা উজ্জ্বল মিয়া জানান, বিপুল মিয়া আন্দোলন-সংগ্রামে শুধু কয়েকজনের নাম বলছিল। এতে করে সভায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাজু আহমেদ তুষারকে নিয়ে বাড়ি ফেরার পথে বিপুল মিয়ার উপস্থিতিতে আমাদের পথ আটকিয়ে ইমন ও রোমানের নেতৃত্বে আমাদের উপর হামলা চালানো হয়। এতে রাজু আহমেদ তুষার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত নারান্দী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইজাজুল হোসেন ইমন তার উপরে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে জানান, বাজারে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় রাজু আহমেদ তুষার ভাই দোকানের লাকড়ির উপর পেরে গিয়ে আহত হয়েছে। আর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিত সভায় যারা হট্টগোল করেছে তারা একসময় আওয়ামী লীগের সাথে মিশে চলাফেরা করতো। সভাটি যাতে সুন্দরভাবে শেষ না করা যায় তাই তারা এই কাজ করছে।
নবগঠিত নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার দাবি করেন, সভায় হালকা ঠেলা-ধাক্কার ঘটনা ঘটেছে। পরে সভা সুন্দরভাবে শেষও করা হয়। পরে শুনেছি পথে আবার ঝামেলা হয়েছে। এতে সালংকা সাধুরবাড়ী এলাকার বিএনপি কর্মী মো. রাজু আহমেদ তুষার আহত হয়েছে। তাকে বাড়িতে গিয়ে দেখে এসেছি। ঘটনাটি মিমাংসা করার প্রক্রিয়া চলছে।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








