হাটের আধিপত্য নিয়ে ইজারাদারসহ ২ জনকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত
পাবনার পুষ্পপাড়া হাটের আধিপত্যকে কেন্দ্র হাট ইজারাদার আব্দুস সালাম(৫৭) ও তার ভাগিনা রিপন হোসেন(৩৫)কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবংনিহত রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার আব্দুস সালাম ও তার ভাগিনা ইজারাদারের নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এসময় তার ভাগিনা ও হাট ইজারা কাজের সহকারী রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে। এতে দুজনই মাটিতে অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তারা চলে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হাটের আধিপত্য নিয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানায়, এই জোড়া হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
তবে পুলিশের একটি সূত্র এবং স্থানীয়রা জানান, পুষ্পপাড়া হাটের আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জোড়া হত্যাকান্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও থমথমে অবস্থা বিরাজ করছে।





