স্ত্রী বুশরা বিবিকে কারাবন্দী অবস্থায় বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
এনডিটিভি জানিয়েছে, গতকাল ২ এপ্রিল মঙ্গলবার পাকিস্তানের আদিয়ালা কারাগারে তোশাখানা দুর্নীতি মামলার শুনানির সময় এই অভিযোগ করে জানান, তার স্ত্রী বুশরা বিবির ত্বকে এবং জিহ্বায় বিষের পার্শ্বপ্রতিক্রিয়ার চিহ্ন রয়েছে।
ইমরান খানের অভিযোগ, বুশরা বিবিকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দী করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিলো। পরে ওই বাসভবনটি একটি সাব-জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাকিস্তান সরকার।
শুনানির সময় বিচারককে ইমরান খান বলেন, আমার স্ত্রীর যদি কোন ক্ষতি হয়, তার জন্য পাকিস্তানের সেনাপ্রধান (জেনারেল আসিম মুনির) এবং তার বাহিনীকে দায়ী করা উচিত। কারণ তখন তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন।
৭১ বছর বয়সী নেতা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেন, আমি জানি এর পেছনে কারা রয়েছে। এছাড়াও বুশরা বিবির কথিত বিষক্রিয়ার বিষয়টি তদন্তেরও আহ্বান জানান তিনি।
শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুশরা বিবি জানান, তাকে ‘যুক্তরাষ্ট্রের এজেন্ট’ হিসেবে উল্লেখ করে গুজব ছড়ানো হচ্ছে এবং একটি জনপ্রিয় টয়লেট ক্লিনারের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।
ওই টয়লেট ক্লিনারের তিন ফোঁটা তার খাবারে যোগ করা হয়েছিল দাবি করে তিনি জানান, এক মাস খাওয়ার পর আমার চোখ ফুলে গেছে, বুকে এবং পেটে ব্যথা। আমি অস্বস্তি অনুভব করছি, খাবার এবং পানির স্বাদও তিক্ত লাগছে।
৪৯ বছর বয়সী বুশরা বিবি বলেন, আমার খাবারে যা যোগ করা হয়েছে তা সম্পর্কে জেলের একজন আমাকে বলেছে। তবে আমি কোন নাম প্রকাশ করব না।







