সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার (জনগুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক) শুনানি লাইভ সম্প্রচার করার ব্যবস্থা কেন করা হবে, সে প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসংক্রান্ত রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে এবং আগামী ২৬ জুন এবিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছ।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, মিজানুন হক, আব্দুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল, জজ কোর্টের আইনজীবী জায়েদ বিন আমজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শাহনেওয়াজ সাকিব, মাহমুদুল হাসান, সাব্বির হাসান, হাবিবুর রহমান আল হাসান, রাফিউর রাব্বি ও শামিম শাহিদি হাইকোর্টে রিটটি করেন।
এই রিটের পর রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলা সমূহ লাইভ স্ট্রিমিং করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিচার একটি মৌলিক অধিকার। তাই সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার লাইভ স্ট্রিমিং চেয়ে রিটটি করা হয়।’








