ক্রিকেট

সিংহাসন পুনরুদ্ধারের পথে দু’ধাপ এগোলেন সাকিব

বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, মাঠে দর্শকরা দেখছেন, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াইয়ে প্রথম দুটি ম্যাচে অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে ব্যর্থ হয়ে হারান টি-টুয়েন্টি অলরাউন্ডারের র‌্যাঙ্কিং শীর্ষ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে সাকিব ফিরেছেন দারুণভাবে। ফলও পেলেন টাইগার তারকা। সিংহাসন পুনরুদ্ধারের পথে এগিয়েছেন দুই ধাপ। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে শীর্ষস্থান হারিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

গতসপ্তাহে আইসিসি প্রকাশিত টি-টুয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে একলাফে পাঁচে নেমে যান সাকিব। পরে ছন্দে ফিরে আসেন। টাইগার অলরাউন্ডার নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৬৪ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন। নেপালের বিপক্ষে ২২ বলে ১৭ রানের পাশাপাশি ২.২ ওভার বল করে ৯ রানে নেন ২টি উইকেট। ১০ রেটিং পয়েন্ট বেড়েছে সাকিবের। ২১৮ পয়েন্ট নিয়ে টাইগারদের পোস্টারবয় ফিরেছেন তিনে।

শীর্ষ দখল করেছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ২৩১ রেটিং পয়েন্ট তার। ২২২ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে দুইয়ে এসেছেন লঙ্কান ভানিডু হাসারাঙ্গা। গতসপ্তাহে শীর্ষে ওঠা মোহাম্মদ নবি একলাফে নেমেছেন চারে। ১৮ রেটিং পয়েন্ট কমেছে আফগান অলরাউন্ডারের। ২১৩ রেটিং পয়েন্ট ঝুলিতে তার। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে পাঁচে নেমেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

বিশ্বমঞ্চে শেষ দুটি ম্যাচে নিজেকে মেলে ধরতে পেরে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে সাকিবের। বল হাতে রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান করছেন পূর্বের স্থানেই।

ব্যাটিংয়ে উন্নতি করেছেন ৯ ধাপ। ৪১৪ রেটিং নিয়ে উঠেছেন ৭৫ নম্বরে। বোলিংয়ে সাকিবের ৬ পয়েন্ট বেড়েছে। ৫৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের সঙ্গে আছেন ৩৬ নম্বরে।

বিষয়:আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নবি বাংলাদেশ২৪ র‌্যাঙ্কিং সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…