আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সম্পদ বিক্রি করে আমি ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না।
শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য। একমাত্র আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে। চক্রান্ত থাকবেই তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।
স্বাধীনতা পরবর্তী একটি দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলেও যেকোন সময়ের সরকারের চেয়ে সব সূচকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সাময়িক কিছু সংকট থাকলেও তা কেটে যাবে, কারণ এই সরকার জনগণের কল্যাণেই কাজ করে।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা, গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ গণতন্ত্র প্রতিষ্ঠায় দল ও বঙ্গবন্ধুর কথা স্মরণ করেন বক্তারা।










