অপরাধ

‘আমি সন্তানের পিতৃপরিচয়ের জন্য লড়াই করছি’

সংবাদ সম্মেলনে তরুণ নারী বক্তা, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

তরুণ নারী বক্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর আদাবরের এএনএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাদ্দেস হানিফের বিরুদ্ধে প্রতিষ্ঠানের নারী কর্মীর অসহায়ত্ব ও বৈবাহিক সংকটের সুযোগ নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ও পরে গর্ভবতী হওয়ার পর সন্তানকে পিতৃপরিচয় দিচ্ছেন না এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মবিনা জান্নাত।

পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে জানিয়ে ভুক্তভোগী বলেন: অদৃশ্য শক্তির ইশারায় ধর্ষণ মামলায় জামিনে বেড়িয়ে আমাকে নানাভাবে মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন।

রোববার (২৫ মে) রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেছেন মবিনা জান্নাত।

মবিনা জান্নাত বলেন, ২০১৭ সালে পারিবারিকভাবে খোরশেদ আলম রোমেল নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু স্বামী রেমেলের হাতে দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে ২০২০ সালে তালাকপ্রাপ্ত হন। এরপর চাকরির সুবাদে পরিচয় ঘটে এএনএইচ গ্রুপের এমডি মোকাদ্দেস হানিফের সঙ্গে। তার অভিযোগ, হানিফ তার স্বামীর সঙ্গে দূরত্ব ও সংকটের দুর্বলতার সুযোগ নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার একই কাজ করেন। ২০২২ সালের এপ্রিল মাসে মবিনা জানতে পারেন তিনি সন্তান সম্ভবা। কিন্তু মোকাদ্দেস বিষয়টি গোপন রাখতে বলেন এবং সন্তানের দায় নিতে গড়িমসি করেন।

এ অবস্থায় সন্তান জন্ম নিলে সামাজিক স্বীকৃতি ও আইনি নিরাপত্তা পাওয়ার আশায় তিনি ডিএনএ টেস্টের উদ্যোগ নেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়, মোকাদ্দেস হানিফই তার সন্তানের (জৈবিক) পিতা। তারপরও হানিফ সন্তানের পিতৃত্ব স্বীকার করতে রাজি হননি বরং রাজনৈতিক যোগাযোগ ও ক্ষমতা ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমন কি বিশেষ একটি সংস্থা দিয়ে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন বলে অভিযোগ করেন মবিনা।

তিনি আরও বলেন, মামলার পর মোকাদ্দেস হানিফকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় গত ৫ মে জামিনে বেরিয়ে যান হানিফ।

মবিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি সন্তানের পিতৃপরিচয়ের জন্য লড়াই করছি। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। আমার আড়াই বছরের মেয়েটি জন্ম থেকে হার্টে ফুটো। আর্থিক অভাবে তার চিকিৎসা চালাতে পারছি না। জরুরি ভিত্তিতে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু মোকাদ্দেস তার ক্ষমতা ব্যবহার করে আমাকে হয়রানি করছে। কিন্তু সন্তানের চিকিৎসার জন্য কোনো সহযোগিতা করছে না। বরং সে টাকা পয়সা খরচ করে আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

মবিনা জান্নাত তার সন্তানকে বিদেশে চিকিৎসার জন্য সহায়তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…