দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, বৃষ্টির জন্য বিশেষ নামাজ

ছবি: সংগৃহীত
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় বৃষ্টির আশায় ‘ইসতিসকার নামাজ’ আদায় করেছেন শত শত মানুষ। বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় এই বিশেষ নামাজে অংশ নেন মুসল্লিরা। খরার সময়ে বৃষ্টির জন্য মুসলিমরা ইসতিসকার নামাজ আদায় করেন।
দেশটির বিভিন্ন অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে দাবানল জ্বলছে। বিশেষ করে সুমাত্রা ও বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ কালিমান্তানে আগুনের কারণে তৈরি হয়েছে ঘন ধোঁয়াশা। এতে লাখ লাখ মানুষ দূষিত বাতাসের মধ্যে পড়েছেন।
দাবানলের পরিস্থিতি আরও জটিল করেছে চলতি মাসে তীব্র হতে থাকা এল নিনো। ইন্দোনেশিয়ার বনমন্ত্রী রাজা জুলাই আন্তোনি জানিয়েছেন, আগস্টে দেশজুড়ে ৯ হাজারের বেশি আগুনের হটস্পট শনাক্ত হয়েছিল। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দাবানলে ২ লাখ ২ হাজার হেক্টরের বেশি বন ও জমি পুড়েছে। জুলাইয়েই পুড়েছে প্রায় ৯৫ হাজার হেক্টর।
আগুনের ধোঁয়া সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া ও ফিলিপাইনেও ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। ইন্দোনেশিয়ার ছয়টি প্রদেশে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে দূষিত বাতাস থেকে সুরক্ষায় অনলাইন ক্লাসে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে বিমান থেকে পানি ছিটানো, ক্লাউড সিডিংসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আগুনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৯টি কোম্পানির কার্যক্রমও পরিদর্শন করছে সরকার। তবে বনমন্ত্রী সতর্ক করেছেন, সেপ্টেম্বর এল নিনোর প্রভাবের কারণে আগুন নিয়ন্ত্রণের জন্য আরও কঠিন সময় হতে পারে।
এই পরিস্থিতির মধ্যেই বৃষ্টির আশায় ইসতিসকার নামাজের আয়োজন করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সুমাত্রার পালেমবাংয়ে প্রায় ৩ হাজার মানুষ ইসতিসকার নামাজে অংশ নিয়েছিলেন।







