অর্ডার করেননি, তবু বাড়িতে এসে হাজির হল কার্ডবোর্ডে মোড়া অ্যামাজনের বাক্স! এমনই এক পরিস্থিতিতে পড়েছেন আমেরিকার একজন নারী। প্রায় রোজই তার বাড়িতে চলে আসছে অ্যামাজনের বাক্স। অথচ এর কোনওটিই তিনি অর্ডার করেননি।
আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে নিজের এই দুর্দশার কথা জানিয়েছেন সিন্ডি স্মিথ নামক যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টির বাসিন্দা ওই নারী। তিনি বলেন, এ ভাবে প্রায় শ’ খানেকেরও বেশি বাক্স এসে হাজির হয়েছে তার দরজায়। এসব নিয়ে কী করবেন ভেবে কূল কিনারা পাচ্ছেন না তিনি।
সিন্ডি জানিয়েছেন, শুধু অ্যামাজনই নয় আরও নানান অনলাইন বাজার করার ব্র্যান্ড থেকে পার্সেল এসে পৌঁছেছে তার বাড়িতে। সব পার্সেলই এসেছে জনৈক লিক্সিয়াও ঝ্যাঙের নামক ব্যক্তির নামে। তবে দীর্ঘদিন এর কোনও দাবিদার না পেয়ে, সিন্ডি নিজের উদ্যোগে সব জিনিস বিলিয়ে দিতে শুরু করেছেন। সম্প্রতি বিভিন্ন খাবারের আউটলেটে ঘুরে ঘুরে উপহার বিলি করেছেন তিনি।
তিনি বলেন, প্রায় হাজার খানেক হেডল্যাম্প, ৮০০টির কাছাকাছি গ্লু-গান এবং অজস্র ছোটদের দূরবীন আছে বাক্সগুলোতে। আমার সমস্ত প্রতিবেশীকে ইতিমধ্যেই হেডল্যাম্প আর গ্লু-গান দেওয়া হয়ে গিয়েছে। সিন্ডি জানান, গাড়িতে সব জিনিসপত্র বোঝাই করে রাস্তায় রাস্তায় ঘুরে আগ্রহী পথচারীদের উপহার দিয়েছেন তিনি। তবে তাতেও খালি হচ্ছে না বাড়ি।
সিন্ডির এই ঘটনাটি শুনে অবশ্য কেউ কেউ বলছেন, হয়তো কোনো দোকানদার অ্যামাজনে ওই অর্ডার করেছিলেন। কিন্তু তারা তা ডেলিভারি দিতে না পেরে জড়ো করেছেন সিন্ডির বাড়ির ঠিকানায়। যদিও এটাই আসল ঘটনা কি না তা স্পষ্ট নয়।







