চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’খ্যাত শিল্পী হুমায়রা ঈশিকা নতুন মৌলিক গান ‘পরাণ’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
রোমান্টিক আবহের এ গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ। সংশ্লিষ্টদের আশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।
নতুন গান প্রসঙ্গে হুমায়রা ঈশিকা বলেন, ‘অনেক যত্ন নিয়ে পুরো টিম মিলে গানটি তৈরি করেছি। এতে ভালোবাসা ও রোমান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
‘পরাণ’-এর মিউজিক ভিডিওতেও নান্দনিক উপস্থাপনা রয়েছে। চিত্রগ্রহণ, ড্রোন পরিচালনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আরএইচ রুহান। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ এবং পরিচালনা করেছেন মেজবা বাপ্পী।
প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়ছে। নতুন গানটি শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে বলে আশাবাদী পুরো টিম।
চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া হুমায়রা ঈশিকা এর আগে বেশ কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন। সর্বশেষ গত রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রাক্ষস-এর আলোচিত গান ‘তুমি ছাড়া’ গেয়ে প্রশংসা কুড়ান তিনি।
সংগীতে ঈশিকার হাতেখড়ি আব্দুল আউয়ালের কাছে। পরে তিনি সামিনা চৌধুরী ও এসআই টুটুলের কাছে তালিম নেন। উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।









