শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি, লেখক,গবেষক, নাট্যনির্মাতা শুভাশিস সিনহাকে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সভায় কমলগঞ্জের কৃতি সন্তান কবি, লেখক গবেষক, নাট্যনির্মাতা শুভাশিস সিনহার নাট্য সাহিত্যে এবছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করায় সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত কৃতি শুভাশিস সিনহা বলেন, আমি নিভৃতেই কাজ করতে পছন্দ করি কিন্তু আজ আমার এলাকার মানুষের ভালোবাসায় যথেষ্ট আনন্দ পেয়েছি।
মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা শুভাশিস সিনহা কমলগঞ্জে দীর্ঘসময় যাবত সক্রিয় আছেন লেখালেখি ও মণিপুরী থিয়েটার নিয়ে। তার নিজগ্রামে প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নটমন্ডপ’।
এটি বাংলাদেশের প্রথম থিয়েটার স্টুডিও। মণিপুরী থিয়েটার এখানে নিয়মিত নাটক মঞ্চায়ন করছে। এই গর্ব সমগ্র কমলগঞ্জবাসীর।
উপজেলা নির্বাহী অফিসার সাধন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক, গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।







