নির্বাচনের বাকি আর মাত্র ৪৪ থেকে ৪৫ দিন উল্লেখ করে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যাগুলো কৌশলগতভাবে মোকাবেলা করতে হবে। আলোচনার মাধ্যমে জটিলতা নিরসনের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়াতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।
তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়তে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সরকারের বড় দায়িত্ব। আশা রাখি সরকার সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।








