ঈদের ছুটিতে রাজধানীর কলাবাগানে ভবনের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে গৃহকর্তার ২২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের হয়েছে।
কলাবাগানের বশিরউদ্দিন রোডের ৮৬/৩ নম্বর বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন মিতা জানান, ঈদ উদযাপন করতে গত ১৯ এপ্রিল সকালে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান তিনি। এরপর সোমবার সন্ধ্যার পর বাসায় ফিরে দেখেন তিনটি শয়ন কক্ষের সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আলমিরা ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা।
তিনি জানান, দুইটি স্টিলের আলমারি এবং দুইটি কাঠের আলমারির ড্রয়ার ভেঙে ঘরে রক্ষিত ২২ ভরি স্বর্ণালংকার, ৭ লাখ ৮০ হাজার নগদ টাকা এবং একটি ছোট লেদারব্যাগ চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছেন তিনি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটির তিনদিনের মধ্যে যেকোন সময় ঘটনাটি ঘটে থাকতে পারে। বাসায় এবং আশেপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় চোরদের সনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। একজন চৌকস অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই চোর ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।









