ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর হায়া কার্ডধারী মুসলিম দর্শনার্থীদের ওমরাহ পালন এবং মদিনা সফরের অনুমতি দেওয়া হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা বিভাগের সহকারী মহাপরিচালক খালেদ আল-শামারি বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একটি সাক্ষাৎকারে আল-শামারি বলেছেন, হায়া কার্ডধারীদের জন্য ভিসা বিনামূল্যে দেওয়া হয় এবং ই-ভিসার সব খরচ রাষ্ট্র বহন করে। কিন্তু চিকিৎসা বীমা করা বাধ্যতামূলক।
তিনি আরও বলেন, হায়া কার্ডধারীদের ই-ভিসা ১১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে। এর মানে হলো, টিকিটধারীরা বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে থেকে টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত দেশটিতে যেতে পারবেন।
হায়া কার্ডধারীদের এই ভিসা হবে মাল্টিপল-এন্ট্রি। বিশ্বকাপের সময়সীমার মধ্যে তারা যেকোন সময় সৌদি আরবে প্রবেশ ও প্রস্থান করতে পারবেন।
হায়া কার্ড হলো একটি ব্যক্তিগত নথি, যা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির জন্য বাধ্যতামূলক। এই কার্ড সঙ্গে থাকলে ম্যাচের দিন টিকিটধারীদের বিনামূল্যে গণপরিবহন ব্যবহারসহ আরও বিভিন্নরকম সুবিধা দেবে আয়োজকরা। সেই ধারাবাহিকতায় এই কার্ডধারী মুসলিমদের ওমরাহ ও মদিনা সফরের অনুমতি দেওয়া হলো।








