ফুটবল

‘রেফারিদের উপর, আস্থা আছে’ কেন বললেন বার্সা কোচ

‘রেফারিদের উপর, আস্থা আছে’ কেন বললেন বার্সা কোচ

এল ক্ল্যাসিকোর আগে রেফারিং ও রিয়াল মাদ্রিদ সংক্রান্ত বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চান বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তার সম্পূর্ণ মনোযোগ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসন্ন ম্যাচে। লা লিগার হাইভোল্টেজ ম্যাচটির আগে তিনি স্পষ্ট জানিয়েছেন, ম্যাচ রেফারিদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং আকর্ষণীয় কোনো সংবাদ শিরোনাম হতে তিনি একদমই আগ্রহী নন।

এল ক্লাসিকোতে নামার আগে রেফারিং নিয়ে চলা নানা আলোচনা ও বিতর্ক প্রসঙ্গে জার্মান কোচ জানান, ‘বাইরের কোনো বিতর্ক যেন ম্যাচের ওপর প্রভাব না ফেলে, সেজন্য প্রতিটি দলেরই উচিত নিজেদের খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা। ’

‘এর কোনো প্রভাব পড়বে না। আমি রেফারিংয়ের ওপর আস্থা রাখি, আমরা বেশ ভালো মানের রেফারিংই দেখছি। আর আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো নিজেদের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া।’- যোগ করেন তিনি।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে রেফারিং নিয়ে নিয়মিত যে অভিযোগ তোলা হয়, সে বিষয়ে মন্তব্য করা থেকে পুরোপুরি বিরত থাকেন তিনি। বার্সা কোচ জোর দিয়ে বলেন, ‘আমি আমার দলকে প্রস্তুত করার দিকেই মনোযোগ দিতে চাই। এই বিষয়টি সংবাদপত্রের শিরোনামের সঙ্গে সম্পর্কিত, আর আমি কোনো চটকদার শিরোনাম চাই না। আমার একমাত্র লক্ষ্য হল আমার দলের ওপর মনোযোগ দেওয়া।’

মরিনহোর প্রসঙ্গ আসতেই পর্তুগিজ কোচের প্রতি নিজের মুগ্ধতার কথা বলেছেন ফ্লিক। তার ভাষ্যে, ‘মরিনহোর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কেউ যখন দীর্ঘ সময় ধরে এমন উচ্চপর্যায়ের দলে কোচিং করান, তা তার গুণাবলিকেই ফুটিয়ে তোলে। তিনি যে ক্লাবেই কাজ করেছেন, সেখানেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।’

রিয়াল তারকা কাইলিয়ান এমবাপেকে থামানোর কৌশল নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেননি ফ্লিক। ফরাসি এই ফরোয়ার্ডের জন্য আলাদা কোনো পরিকল্পনা না করে পুরো দলের ওপরই বেশি জোর দিয়েছেন। বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মাঠে আমাদের অবস্থান ঠিক রাখা বল পায়ে থাকা অবস্থায় হোক বা না থাকুক এবং রক্ষণভাগের সংহতি বজায় রাখা। আমরা যদি সবকিছু সঠিকভাবে করতে পারি, তবে প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো আমাদের রক্ষণভাগের জন্য সহজ হয়ে যাবে।’

রক্ষণভাগে তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি এবং জেরার্ড মার্টিনের ভূয়সী প্রশংসা করে বার্সেলোনা কোচ বলেছেন, ‘কুবার্সি ও জেরার্ড খুব ভালো ফর্মে আছেন এবং তাদের পারফরম্যান্স সত্যিই চমৎকার। তারা একে অপরের সঙ্গে তাল মিলিয়ে বিকশিত হচ্ছে।’

বিষয়:বার্সেলোনা রিয়াল মাদ্রিদ হ্যান্সি ফ্লিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…