প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ইডিসির মূল মঞ্চে গুরু রান্ধাওয়া

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ভারতের জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী গুরু রান্ধাওয়া। বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক ডান্স মিউজিক উৎসব ‘ইলেকট্রিক ডেইজি কার্নিভাল’ (ইডিসি)-এর মূল মঞ্চে পারফর্ম করা প্রথম ভারতীয় শিল্পী হতে যাচ্ছেন তিনি। এ আয়োজনে দুইবার গ্র্র্যামি মনোনীত ডিজে ও সংগীত প্রযোজক স্টিভ আওকির সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন এই গায়ক।
৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিতব্য উৎসবে স্টিভ আওকির প্রধান পরিবেশনার সময় তার সাথে যোগ দেবেন গুরু রান্ধাওয়া। তাদের এই বিশেষ পরিবেশনায় প্রথমবারের মতো প্রকাশ পাবে গুরুর জনপ্রিয় গান ‘সিরা’র আনুষ্ঠানিক রিমিক্স।
গত ৬ নভেম্বর থেকে অরল্যান্ডোর টিঙ্কার ফিল্ডে শুরু হওয়া এই সংগীত উৎসব চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ইলেকট্রনিক সংগীতশিল্পীরা অংশ নিচ্ছেন। গুরুর পাঞ্জাবি পপসংগীতের সঙ্গে স্টিভ আওকির ইলেকট্রনিক ডান্স মিউজিকের সংমিশ্রণ এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।
গুরু রান্ধাওয়ার অ্যালবাম ‘উইদাউট প্রেজুডাইস’-এ প্রথম প্রকাশিত হয় ‘সিরা’ গানটি। বিভিন্ন প্লাটফর্মে গানটি এখন পর্যন্ত ৩৫ কোটি ৬০ লক্ষবার স্ট্রিমিং হয়েছে। অন্যদিকে ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৫৫ কোটি। ওয়ার্নার মিউজিক ইন্ডিয়ার সহযোগিতায় তৈরি গানটির রিমিক্স ইতিমধ্যে বিভিন্ন জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।
ইডিসির মূল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগকে বিশেষ সম্মানের বলে উল্লেখ করেছেন গুরু রান্ধাওয়া। তার মতে, এই পরিবেশনার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতীয় সংগীতকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে স্টিভ আওকিও এই সহযোগিতাকে দুটি ভিন্ন সংগীতধারাকে একত্র করার বিশেষ উদ্যোগ হিসেবে দেখছেন।
এদিকে সংগীতপ্রেমীদের জন্য সামনে আরও একটি বড় আয়োজন নিয়ে আসছেন গুরু রান্ধাওয়া। আগামী ১২ ডিসেম্বর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘সিরা এরা লাইভ ইন কনসার্ট’। তিন বছর বিরতির পর বড় পরিসরের লাইভ পারফরম্যান্সে ফিরছেন তিনি। পাশাপাশি এই কনসার্টের মাধ্যমে সংগীতজগতে নিজের ১৩ বছরের পথচলাও উদযাপন করবেন জনপ্রিয় এই শিল্পী। টেলিগ্রাফ ইন্ডিয়া






