দুদিন আগে টেস্টে অভিষেক হয়েছে শ্রীলঙ্কার ২৪ বর্ষী চামিকা গুণাসেকারার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমে তৃতীয় দিন সকালে মাথায় বলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই ডানহাতি পেসার। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে দলে ঢুকেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭তম ওভারে আফগানিস্তানের ডানহাতি পেসার নাভিদ জাদরানের একটি বাউন্সার আটে ব্যাট করতে নামা গুণাসেকারার হেলমেটে এসে লাগে। দ্রুত কনকাশন পরীক্ষা করা হলেও সেখানে উৎরে যান এ পেসার।
দুই ওভার পর ভুগতে থাকা গুণাসেকারা মাথা ধরে মাঠের বাইরে চলে যান। শ্রীলঙ্কা দলের ম্যানেজার ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন, মাঠ থেকে বের হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা।
কনকাশন হিসেবে নামা ৩০ বর্ষী পেসার রাজিথ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল করেছেন।








