আন্তর্জাতিক বিরতির পর প্রিমিয়ার লিগ ফিরেছে। ফিরেই হারের স্বাদ পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে হেরে মেজাজও খুইয়েছেন কোচ পেপ গার্দিওলা। তর্কে জড়িয়েছেন নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গুইমারেস, রেফারি, ক্যামেরাক্রুর সঙ্গেও।
নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে শনিবার রাতে ২-১ ব্যবধানে পয়েন্ট হারায় গার্দিওলার সিটি। টানা দুই জয়ের পর হেরে টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৪ পয়েন্টে পিছিয়ে এখন সিটি।
হার্ভি বার্নেসের জোড়া গোল ঘরে মাঠে নিউক্যাসলকে তিন পয়েন্ট এনে দেয়। প্রথমার্ধে সিটির ফিল ফোডেন বক্সে ফাউলের শিকার হলে রেফারি সাড়া দেননি। এতেই তর্ক শুরু।
শেষ বাঁশি বাজার পর ৫৪ বর্ষী গার্দিওলাকে দেখা যায় নিউক্যাসল অধিনায়কের সঙ্গে তর্কে জড়াতে। তর্ক করেন মাঠে নিয়োজিত ক্যামেরাম্যানের সাথেও।
ম্যাচ শেষে গার্দিওলা বলেছেন, ‘এ বিষয়ে কোন কথা বলতে চাই না। আমি ব্রুনোকে জিজ্ঞেস করেছিলাম তিনি একান্ত ব্যক্তিগত অবস্থায় কেমন! সবকিছু ঠিক আছে।’
‘কঠিন ম্যাচ ছিল, এমনকি উপভোগ্যও। তাদের কাছে সুযোগ ছিল, এমনকি আমাদের কাছেও। শেষে এক গোলে পিছিয়ে থেকেছি।’
লিগ টেবিল টপার আর্সেনাল এক ম্যাচ কম খেলেছে সিটির চেয়ে। গানাররা পরের ম্যাচে টটেনহ্যামকে হারালে ৭ পয়েন্টে এগিয়ে যাবে। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মঙ্গলবার রাতে নামে সিটি।







